টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা
পর্যটন খাতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো এবং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পর্যটন ব্যবস্থাপনাকে আধুনিকায়নের বার্তা নিয়ে টাঙ্গাইলে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। ‘Digital Transformation and Artificial Intelligence to Redesign Tourism’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়, টাঙ্গাইলে দিবসটি উপলক্ষে আয়োজন করা হয় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা।
দিনের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিতে জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন। পরে অনুষ্ঠিত হয় বিশ্ব পর্যটন দিবসের তাৎপর্যবিষয়ক আলোচনা সভা।
সভায় সভাপতির বক্তব্যে টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক জেলার পর্যটন সম্ভাবনার বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি টাঙ্গাইলকে প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিতে সমৃদ্ধ একটি সম্ভাবনাময় পর্যটন অঞ্চল হিসেবে উল্লেখ করেন।
জেলার বিভিন্ন দর্শনীয় স্থান ও ঐতিহাসিক নিদর্শনকে পরিকল্পিতভাবে পর্যটন ব্যবস্থার আওতায় আনা গেলে টাঙ্গাইলের পর্যটন খাত আরও বিকশিত হওয়ার সুযোগ রয়েছে বলে সভায় উঠে আসে। একই সঙ্গে আধুনিক প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে এসব পর্যটনসম্পদকে দেশ-বিদেশের মানুষের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
বিশ্ব পর্যটন দিবসের অনুষ্ঠানে টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে দেশবাসীর সামনে তুলে ধরতে জেলা প্রশাসক শরীফা হকের উদ্যোগে নির্মিত ‘Colors of Tangail’ শীর্ষক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।
প্রামাণ্যচিত্রটিতে টাঙ্গাইলের বিভিন্ন পর্যটন আকর্ষণ, প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যের নানা দিক তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে জেলার পর্যটন সম্ভাবনাকে নতুনভাবে উপস্থাপনের পাশাপাশি টাঙ্গাইলের প্রতি দেশি-বিদেশি পর্যটকদের আগ্রহ সৃষ্টির উদ্যোগ প্রতিফলিত হয়েছে।
আলোচনা সভায় বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির দ্রুত বিকাশের এই সময়ে পর্যটন খাতকে গতিশীল করতে ডিজিটাল প্ল্যাটফর্ম ও কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর ব্যবহার গুরুত্বপূর্ণ। পরিকল্পিত উদ্যোগ, আধুনিক প্রচারব্যবস্থা এবং পর্যটনবান্ধব পরিবেশ নিশ্চিত করা গেলে টাঙ্গাইলের পর্যটন সম্ভাবনাকে আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব।
দিবসটির আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের পর্যটনসম্পদ সংরক্ষণ, প্রচার ও বিকাশে সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে উঠে আসে।
শিশুদের অধিকার, নিরাপত্তা, শিক্ষা ও সুস্থ বিকাশ নিশ্চিত করার প্রত্যয় নিয়ে দেশব্যাপী পালিত হয়েছে শিশু অধিকার দিবস। একই সঙ্গে বাংলাদেশ শিশু...
জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন প্রধানমন্ত্রী ২১ সেপ্টেম্বর নিউইয়র্কের পথে, ২৪ সেপ্টেম্বর সাধারণ বিতর্কে ভাষণ জাতিসংঘ সাধারণ...

